নড়াইলে ৪ খুনসহ ১৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলায় ৪ খুন ও অস্ত্রসহ ১৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল দিবাগত রাত ১২টার দিকে দিঘলিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত সোহেল খান (৪০) লোহাগড়ার কুমরী গ্রামের বদিয়ার খান ওরফে কানা বাদিয়ার ছেলে।
সোহেলের বিরুদ্ধে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশ, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ান এবং যুবদল নেতা তনু হত্যা মামলাসহ অন্তত ১৩টি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রেপ্তারের ভয়ে সোহেল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ওই রাতে তিনি ভাটপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে ছিলেন। রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় স্বামী-স্ত্রী ঘর থেকে বের হয়ে পাশের রাস্তায় দাঁড়ান। এসময় কয়েকজন যুবক হঠাৎ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোহেলের সারা শরীরে এলোমেলোভাবে কোপানোর দাগ রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মিলন বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'