জেলা পরিষদ চেয়ারম্যানকে নিয়ে ফেসবুকে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ

পঞ্চগড়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তরুণ গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য প্রচারের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রভাকর পাল (২৬) নামে এক তরুণকে গ্রেপ্তারের পর  কারাগারে পাঠানো হয়েছে। 

আজ রোববার দুপুরে ওই তরুণকে পঞ্চগড় চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মো. হুমায়ূন কবীর এই আদেশ দেন বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর মো. আনিছুর রহমান।

এর আগে গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পঞ্চগড় সদর উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম সারওয়ার বাদি হয়ে পঞ্চগড় সদর ওই তরুণের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এরপর গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রভাকর পাল পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য প্রচার ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উপক্রম সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার প্রভাকর পাল নামে ওই তরুণ তার ফেসবুক আইডিতে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাতের বিরুদ্ধে রাজনৈতিক বিষয়ে নানা প্রকার অপপ্রচার চালিয়ে সামাজিক যোগাযাগমাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য প্রচার করেন। এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

বিষয়টি শনিবার রাতে পঞ্চগড় সদর উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম সারওয়ার দৃষ্টিতে এলে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।