পিরোজপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

পিরোজপুর পৌরসভা এলাকায় ১০ বছর বয়সী প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত জুয়েল শেখের (২৯) বাড়ি পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায়। তিনি পিরোজপুর পৌর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেছেন।

আজ রোববার দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, ওই শিশুকে ভাড়া বাসায় রেখে অন্যের বাড়িতে কাজে যান তার মা। গতকাল দুপুরে শিশুটিকে একা পেয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন জুয়েল। এতে সে অসুস্থ হয়ে পরে। রাতে মেয়েটির মা বাড়িতে ফিরে এলে শিশুটি তাকে ধর্ষণের বিষয়টি জানায়।

ঘটনা জানতে পেরে অসুস্থ শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। ঘটনা জানতে পেরে রাতেই অভিযুক্ত জুয়েলকে আটক করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মিলন হালদার বলেন, 'অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আজ অভিযুক্তকে জেলা আদালতে নেওয়া হবে।'