পুলিশের ওপর ইটপাটকেল: বিএনপির ১০ নেতাকর্মী রিমান্ডে, কারাগারে ১৩
রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে দায়ের মামলায় গ্রেপ্তার বিএনপির ১০ নেতাকর্মীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ ছাড়া, গ্রেপ্তার আরও ১৩ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ সোমবার পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ওই মামলায় এখন পর্যন্ত ২৩ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে ১০ জনের ৭ দিনের রিমান্ড চেয়ে আজ আদালতে পাঠায় পুলিশ। আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রোববার সন্ধ্যায় নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে ২ পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে এবং বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে।
পুলিশ বলছে, বিক্ষোভকারীদের ইট পাটকেলে পুলিশের ৪ জন আহত হয়েছেন। এরমধ্যে ১ জন হাসপাতালে ভর্তি। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বাদি হয়ে পল্টন থানায় ৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।
পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ঢাকা মহানগর বিএনপির একাধিক নেতা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ওই ঘটনায় তাদের ২০ জনের বেশি আহত হয়েছেন।