পুলিশের ওপর হামলা: সোহেল-টুকুসহ বিএনপির ৪০ জনের বিচার শুরু
পুলিশের ওপর হামলা, লাঞ্ছিত করা ও কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং যুবদলের সাধারণ সম্পদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ বিএনপির ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে অ্যাডিশনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। আদালত অভিযোগ পড়ে শোনালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায় বিচার প্রার্থনা করেন।
এর আগে আদালত অভিযোগপত্র থেকে আসামিদের নাম প্রত্যাহারের আবেদন খারিজ করেন। আগামী ২৩ জুন এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন বিচারক।
রাষ্ট্রপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযোগ রয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০১৮ সালের ৭ এপ্রিল সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে বিএনপির একদল নেতা-কর্মী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে মিছিল বের করেন। এক পর্যায়ে তারা কর্তব্যরত পুলিশ সদস্যের ওপর হামলা চালান এবং তাদের কর্তব্য পালনে বাধা দেন। এ সময় ৫ জন আহত হন।
ওই ঘটনায় উপপরিদর্শক রিপন কুমার বিশ্বাস বিএনপির ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রোহিদুল ইসলাম আদালতে সোহেল-টুকুসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে ৩২ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে।