পুলিশের গাড়িতে হামলা মামলায় টাঙ্গাইলে বিএনপির ৪৭ নেতাকর্মী কারাগারে

নিজস্ব সংবাদাদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় সখীপুর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৪৭ বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সখীপুর) আমলি আদালতের বিচারক ফারজানা হাসানাত এ আদেশ দেন।

আদালত পরিদর্শক তানভীর আহমেদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে বিএনপির ৬০ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক পরীক্ষা, অসুস্থতা ও অন্যান্য কারণে ১৩ জনের জামিন মঞ্জুর করেন।

অপর ৪৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক জেলহাজতে পাঠানোর আদশে দেন বলে জানান তিনি।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের নির্বাচনের আগে ২০ ডিসেম্বর রাতে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।

এ ঘটনায় সখীপুর থানা পুলিশ বাদি হয়ে বিএনপি নেতাকর্মীসহ ১৯৬ জনের নামে মামলা করে। তদন্ত শেষে ১২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

আসামি পক্ষের আইনজীবী এস এম ফায়জুর রহমান সাংবাদিকদের বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা ঠেকাতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত, হয়রানিমূলক, গায়েবি ও মিথ্যা এ মামলা করা হয়।

ওই নির্বাচনে টাঙ্গাইল-৮ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী।