পূর্ব শত্রুতার জেরে ঈদের জামাতে হামলা, গুলিবিদ্ধ ১
কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে ঈদের জামাতে হামলায় ১ জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গোলাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
গোলাগুলির ঘটনায় সকাল ৮টার ঈদের জামাত না হলেও, পরে সকাল ৯টায় সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি সহিদুর রহমান সাংবাদিকদের বলেন, 'গোলাবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার ফরিদ মিয়ার ছেলে রুবেল ভূইয়াবাড়ি ঈদগাহ মাঠে ঈদ জামাতে হামলা করেন। তিনি পিস্তল দিয়ে মোস্তাক আহমেদকে গুলি করেন।'
'এতে ঈদের নামাজ পড়তে আসা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভীতসন্ত্রস্ত্র হয়ে মানুষ ছুটোছুটি করতে থাকে,' বলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাকের ডান হাঁটুতে গুলি লাগে। গুলিবিদ্ধ মোস্তাককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মোস্তাকের ভাই শহিদুল ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে জানান, 'ঈদের নামাজের আগে আমার ভাইকে হত্যার জন্য গুলি করে ফরিদ মিয়ার ছেলে রুবেল। গত ২৫ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের দিন তার ঘরে র্যাব অভিযান চালিয়ে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনার পেছনে আমার ভাই মোস্তাককে সন্দেহ করে রুবেল। পরে সে আমাদের ওপর হামলা চালায়। হামলার পর আমার ভাই রুবেলসহ ৭ জনকে আসামি করে মামলা করেন। এ বিরোধের জেরে ভাইকে হত্যার উদ্দেশে ঈদগাহের জামাতে প্রকাশ্যে গুলি করে রুবেল।'
স্থানীয়রা মোবাইলে হামলার ঘটনার ছবি তোলেন। ছবিতে রুবেলসহ ৪-৫ জনকে অস্ত্রসহ হামলা করতে দেখা যায়।
পুলিশ জানায়, ঘটনার পর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, কোতোয়ালি মডেল থানার ওসি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হামলাকারী রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।