ফেরিঘাটে পুলিশ-সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ১
পিরোজপুরের কঁচা নদীর কুমিরমারা-বেকুটিয়া ফেরি রুটের কাউখালী প্রান্তে বেকুটিয়ায় ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত জুয়েল রানা (২৮) পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, শুক্রবার রাতে বরিশাল-পিরোজপুর-খুলনা সড়কের কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষারত গাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা তুলছিলেন জুয়েল। গাড়িগুলো দ্রুত পার করে দেওয়ার কথা বলে টাকা তুলছিলেন তিনি।
ওসি জানান, বিষয়টি সেখানে দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্টের নজরে আসলে তিনি বিষয়টি চ্যালেঞ্জ করেন। জুয়েল প্রথমে নিজেকে ডিবি পুলিশ এবং পরবর্তীতে সাংবাদিক পরিচয় দেন। এরপর পুলিশ তাকে আটক করে কাউখালী থানায় নিয়ে যায়।
পুলিশ জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেছে বলে জানান ওসি। গ্রেপ্তারকৃত জুয়েলকে আজ শনিবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সম্প্রতি বেশ কয়েকটি চক্র নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে পিরোজপুরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। চাঁদাবাজির সময় তারা বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের কার্ড ব্যবহার করেন।