কাপাসিয়ায় ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ৩
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ৩ যুবক নিহত হয়েছেন।
গতরাত ১২টার দিকে কাপাসিয়া উপজেলার সীমান্তবর্তী সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও (চরপাড়া) গ্রামে কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আলম সরকারের পুকুর ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণগাঁও গ্রামের মৃত আলম হোসেনের ছেলে নাঈম হোসেন (১৭), হিরন মিয়ার ছেলে রবিন মিয়া (২০) এবং আলম মিয়ার ছেলে ফারুক মিয়া (২৫)।
সনমানিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাপাসিয়ার চর আলীনগর গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদের স্ত্রীর ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে নরসিংদীর সীমান্তবর্তী মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার ইয়াসিনের সহযোগী একদল ছেলের সঙ্গে সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের নাঈম ও তার সহযোগীদের সঙ্গে মারামারি বাধে। একপর্যায়ে তাদের মধ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম ও হিরনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রবিনকে নরসিংদী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।'
তিনি আরও বলেন, 'এ ঘটনায় স্থানীয় জনতা ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের মধ্য আহত দুজন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।'
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম জানান, 'নিহতদের পরিবারের লোকজন ফোন করেছেন, তারা থানায় আসছেন বলে জানিয়েছেন। তারা অভিযোগ দেওয়ার পর মামলা নেওয়া হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। বেশ কয়েকজন আটক রয়েছেন। কিন্তু আমার অফিসার এখনও থানায় পৌঁছেননি।'