বগুড়ায় ধর্ষণের মামলা করা সেই নারীর চুল কেটে পাড়ায় ঘোরালেন স্বামী

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ২ ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে, এই ঘটনার পর সেই নারীর মাথার চুল কেটে পাড়ায় ঘুরিয়েছেন তার স্বামী।

খবর পেয়ে পুলিশ ওই নারীর স্বামী রফিকুল ইসলামকে আটক করে। পরে স্ত্রীর করা পেনাল কোডের মামলায় গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তার স্বামীকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজরান রউফ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, 'গত ১৭ মার্চ দুলু ফকির এবং তার ছোট ভাই হান্নান ফকির ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয় এবং অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে এতদিন বিষয়টি গোপন রাখতে বাধ্য করেছিলেন। কিন্তু, ৩ দিন আগে তিনি ও তার স্বামী থানায় এসে মামলা করেন। পরে পুলিশ দুলু এবং হান্নানকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।'

তিনি আরও বলেন, 'কিন্তু, গতকাল তার স্বামী রফিকুল তাকে মারধর করেন এবং কাঁচি দিয়ে মাথার সব চুল কেটে ফেলেন। তারপর সেই অবস্থায় আশপাশের কয়েকটি বাড়ির সামনে দিয়ে ঘোরান। এ খবর পেয়ে পুলিশ তাকে আটক করে এবং তার স্ত্রী নির্যাতনের মামলা করলে তাকে (স্বামী) আদালতে পাঠানো হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।'

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, '৩ দিন আগে তারা মামলা করতে আসেন। কিন্তু, আমরা জানতে পেরেছি- মামলার পর গ্রামের মানুষ ওই নারীকে দোষারোপ এবং সমালোচনা করলে তার স্বামী ধর্ষণের ঘটনায় স্ত্রীর দোষ আছে অভিযোগ করে মাথার চুল কেটে দেন। তারপর আশপাশের বাড়ির সামনে দিয়ে ঘুরান।'

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনা আজ (শুক্রবার) সকালে ঘটেছে। স্থানীয়রা পুলিশকে জানালে রফিকুল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু, আমি ফোর্স পাঠিয়ে তাকে আটক করি।'

এর আগে গত বুধবার রাতে দুলু ফকির এবং তার ছোট ভাই হান্নান ফকিরের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ওই নারী।

মামলার এজাহারে বলা হয়, গত ১৭ মার্চ ওই নারীর স্বামী বাড়ির বাইরে কাজে যান। সেই সুযোগে সকাল সাড়ে ১১টার দিকে দুলু ফকির ওই নারীর বাড়িতে যান এবং তাকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে সেখান থেকে চলে যান তিনি। এর কিছুক্ষণ পর দুলুর ছোট ভাই হান্নান ওই নারীর বাড়িতে যান। ঘটনাটি দেখে ফেলেছেন এবং সবাইকে জানিয়ে দেবেন বলে ভয় দেখিয়ে হান্নানও তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ২ ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। রাতেই তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজরান রউফ।