বগুড়ায় ধর্ষণ মামলায় ২ ভাই কারাগারে

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ২ ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজরান রউফ।

গ্রেপ্তার ২ জন হলেন- আদমদীঘির মো. দুলু ফকির এবং তার ছোট ভাই মো. হান্নান ফকির।

এর আগে গতকাল বুধবার রাতে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা করেন ওই নারী।

মামলার এজাহারে বলা হয়, গত ১৭ মার্চ ওই নারীর স্বামী বাড়ির বাইরে কাজে যান। সেই সুযোগে সকাল সাড়ে ১১টার দিকে দুলু ফকির ওই নারীর বাড়িতে যান এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে সেখান থেকে চলে যান তিনি।

এর কিছুক্ষণ পর দুলুর ছোট ভাই হান্নান ওই নারীর বাড়িতে যান। ঘটনাটি দেখে ফেলেছেন এবং সবাইকে জানিয়ে দেবেন বলে ভয় দেখিয়ে হান্নানও তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় গতকাল রাতে ২ ভাইয়ের ‍বিরুদ্ধে মামলা করেন ওই নারী। রাতেই তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজরান রউফ।