বরগুনায় নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

বরগুনায় নিখোঁজের একদিন পর রওশন আরা (৫৫) নামে এক নারীর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, স্থানীয়রা বাড়ির পাশে নতুন মাটি খোঁড়া দেখে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ মাটি খুঁড়ে এক নারীর মরদেহ উদ্ধার করে।

মৃত রওশন আরা ওই এলাকার জয়নুদ্দিনের স্ত্রী। তাকে হত্যার অভিযোগ ওঠা প্রতিবেশী জালাল হাওলাদারের ছেলে হারুন পলাতক বলে জানিয়েছে পুলিশ।

রওশন আরার ছেলে জব্বার হাওলাদার জানান, সম্প্রতি তাদের ঘর থেকে ২০ হাজার টাকা চুরি হয়। স্থানীয়রা প্রতিবেশী হারুনকে সন্দেহ করে। এ নিয়ে মঙ্গলবার রাতে হারুনের সঙ্গে রওশন আরার তর্ক হয়। এক পর্যায়ে হারুন রওশন আরাকে দেখে নেয়ার হুমকি দেন। পরে ওই রাত থেকেই নিখোঁজ ছিলেন রওশন আরা। একই সঙ্গে ওই রাত থেকেই নিখোঁজ হন হারুনও।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, বরিশাল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টিম আসছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।