বর্ষিজোড়া ইকোপার্কে ময়লা ফেলার ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকো পার্কে ময়লা ফেলার ওপর আগামী ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
পাশাপাশি অবৈধ গাছকাটা, টিলা কেটে রাস্তা নির্মাণ ও বর্জ্য ডাম্পিং থেকে মৌলভীবাজারের সংরক্ষিত বন লাউরাগার মৌজায় ৮৮৬ একর আয়তনের 'বর্ষিজোড়া ইকো পার্ক রক্ষা ও সংরক্ষণে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ, আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং জনস্বার্থ বিরোধী ঘোষণা করা হবে না' জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সেইসঙ্গে ইকো পার্কটির ক্ষতির জন্য মৌলভীবাজার পৌরসভা মেয়রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ আদায় এবং জনস্বার্থে পার্কটিকে সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, মৌলভীবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় বন কর্মকর্তা, মৌলভীবাজারের পৌর মেয়রসহ ১০ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ আদালতে বেলা'র পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার মো. আশরাফ আলী। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।