বশেমুরবিপ্রবির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, আটক ৩
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ধর্ষণের সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টা ২৫মিনিটের দিকে ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় অবস্থান নিয়ে অবরোধ করে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বাদি হয়ে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরতলীর সোনাকূড় গ্রামের পিয়াল (২২), সুইপার কলোনীর অন্তর (২২) এবং জীবন (২৩) কে আটক করে পুলিশ।
মামলাসূত্রে জানা যায়, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ নামক স্থানের হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথে এক অটো থেকে তাদের তুলে নেওয়া হয়। পরবর্তীতে ৭-৮ জন তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজ এর নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। শিক্ষার্থীর সঙ্গে থাকা সহপাঠীকে মারধর করে ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে ওই শিক্ষার্থীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করে জিজ্ঞাসা করা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা অন্যদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।
এ দিকে এক আল্টিমেটামে আজ বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে ধর্ষকদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা।
পরবর্তীতে ধর্ষকদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে আজ সকাল সাড়ে ৬টার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া নামক স্থানে যানবাহন চলাচল বন্ধ করে শিক্ষার্থীরা অবরোধ পালন করেন।।