বাগেরহাটে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ
বাগেরহাটের মোরেলগঞ্জে ছেলের বিরুদ্ধে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ বলছে, মাকে মারধর করায় ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন ছেলে।
নিহত চান্দে আলী (৭০) মোরেলগঞ্জ উপজেলার উত্তরফুলহাতা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত ছেলে হিরণ মৃধাকে (৩০) আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, আজ রোববার দুপুরে চান্দে আলী তার স্ত্রী খাদিজা বেগমকে মারধর করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হিরণ বাবাকে লাঠি দিয়ে পেটান। পরে আশঙ্কাজনক অবস্থায় চান্দে আলীকে মংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ থানায় নেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।