বাড্ডায় স্ত্রীকে এসিড নিক্ষেপ, স্বামী আটক
রাজধানীর বাড্ডা এলাকায় স্বামীর ছোঁড়া এসিডে স্ত্রীর মুখসহ শরীরের বিভিন্ন জায়গা ঝলসে গেছে। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় উত্তর বাড্ডা সাঁতারকুল রোডে আলীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এসিডে দগ্ধ স্ত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ দ্য ডেইলি স্টারকে জানান, ঘটনার পরপরই এসিডদগ্ধ ওই নারীর স্বামী শাহ আলমকে পুলিশ আটক করেছে।
তিনি বলেন, 'পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে এসিড নিক্ষেপ করেছে। হাসপাতাল থেকে জানতে পেরেছি, এসিডে ওই নারীর মেজর ইনজুরি হয়েছে।'
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।