বড়পুকুরিয়ায় কয়লা গায়েব

বিসিএমসিএল জিএম’র বিরুদ্ধে মামলা চালাতে বাধা নেই: হাইকোর্ট

স্টার অনলাইন রিপোর্ট

সাবেক সচিব ও বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক আবুল কাসেম প্রধানীয়ার বিরুদ্ধে দুদকের মামলা পরিচালনায় কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ম. রিয়াজ উদ্দীন খানের হাইকোর্ট বেঞ্চ আবুল কাসেম প্রধানীয়ার করা রিট আবেদন খারিজ করেন। তিনি বিচার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন।

আদালত বলেন, রিট আবেদনটি আদালতের সামনে সঠিকভাবে উপস্থাপনা করা হয়নি। ভার্চুয়াল আদালতে আবুল কাসেম প্রধানীয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ম. মনসুরুল হক চৌধুরী এবং দুদকের পক্ষের ছিলেন খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে জানান, আবুল কাসেম প্রধানীয়ার বিরুদ্ধে কয়লা গায়েব দুর্নীতি মামলার বিচার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিম্ন আদালতের সামনে আর কোনো আইনি বাধা নেই।

উল্লেখ্য, আবুল কাসেম প্রধানীয়া বর্তমানে পেট্রো বাংলার একটি প্রকল্প, পশ্চিম অঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক পদে আছেন।

গত ৮ ফেব্রুয়ারি একই হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতকে এ মামলা পরিচালনার নির্দেশ দিয়েছিলেন।

দিনাজপুর বিসিএমসিএল থেকে ১ লাখ ৪৩ হাজার টনেরও বেশি কয়লা গায়েবের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

হাইকোর্ট বিভাগ এ পর্যন্ত মামলায় অভিযুক্ত বিসিএমসিএলের সাবেক ৬ কর্মকর্তাদের দায়ের করা ৩টি পৃথক আবেদন খারিজ করেছেন। আবেদনে তারা মামলা থেকে দায়মুক্তি চেয়েছিলেন।

২০১৮ সালের ২৪ জুলাই কয়লা খনন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (প্রশাসন) ম. আনিসুর রহমান দিনাজপুরের পার্বতীপুর থানায় কয়লা গায়েবের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।

এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মকর্তারা ১ লাখ ৪৩ হাজার টন কয়লা গায়েব করার জন্য দায়ী। যার আনুমানিক বাজার মূল্য ২৪৪ কোটির টাকারও বেশি। তারা ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ এর ১৯ জুলাইয়ের মধ্যে এই কয়লা আত্মসাৎ করেন।