বুড়িচং সীমান্তে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তের চরনল হায়দারাবাদ জিরো পয়েন্টে দুর্বৃত্তের গুলিতে মহিউদ্দিন সরকার নায়েম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নায়েম ২৬ ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী দুই যুবক দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে হায়দারাবাদ সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় দুজন ব্যক্তি নায়েমকে গুলি করে পালিয়ে যায়। পরে বিজিবির সহযোগিতায় তাকে উদ্ধার করে কুমিল্লার বুড়িচং হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাকে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। শরীরে ৪-৫টি গুলিবিদ্ধ ছিল। আমরা তাকে মৃত অবস্থায় পাই।'
কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাদক কারবারিদের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।'