নোয়াখালী

বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মেয়ে, জামাই ও নাতিদের বিরুদ্ধে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ২ নং সুন্দলপুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মো. মহিন উদ্দিনের (৫৮) মেয়ে লাভলী বাদী হয়ে আরেক মেয়ে শাহিনা ও শাহিনার স্বামীসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ২-৩ জনের বিরুদ্ধে আজ রোববার কবিরহাট থানায় মামলা করেছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মো. মহিন উদ্দিনের বড় মেয়ে শাহিনা আক্তার কবিরহাটে বাবার বাড়িতে বসবাস করতেন। শাহিনার স্বামী ও ছেলেরা ঢাকায় পোশাক করাখানায় চাকরি করেন।

ঈদের ছুটিতে তারা বাড়িতে আসার পর শনিবার সন্ধ্যায় শাহিনা ও তার স্বামী সুমন শাহিনার নামে ৫ শতক জমি লিখে দিতে মহিন উদ্দিনকে চাপ দেন। এতে বৃদ্ধ রাজি না হলে তা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বৃদ্ধ মহিন উদ্দিনকে মেয়ে, মেয়ের জামাই, নাতিরা মারধর করেন।

এতে বৃদ্ধ মহিন উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মেয়ের জামাই, মেয়ে মিলে তাকে কিল-ঘুষি দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

ঘটনার পর থেকে মামলার আসামিরা এলাকায় ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।