ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে
লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডের রায়ের নথি পরীক্ষার জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সিলেট ট্রাইব্যুনালের কর্মকর্তারা রায়সহ মামলার নথি সম্প্রতি হাইকোর্টে এনেছেন।'
নিম্ন আদালত কোনো মামলায় কাউকে মৃত্যুদণ্ড দিলে, দণ্ড কার্যকর করতে হাইকোর্ট যুক্তি-তর্কের মাধ্যমে রায় পরীক্ষা করেন।
ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) প্রাসঙ্গিক ধারা অনুযায়ী মামলার নথি এবং রায় নিম্ন আদালত থেকে ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়।
বিজ্ঞান বিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গত ৩০ মার্চ ৪ আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেন সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।
দণ্ডপ্রাপ্তরা হলেন-আবুল খায়ের রশীদ আহমেদ, আবুল হোসেন ওরফে আবুল হুসাইন, হারুনুর রশীদ ও ফয়সল আহমেদ। এদের মধ্যে ৩ জন পলাতক।
অপরাধ প্রমাণিত না হওয়ায় শফিউর রহমান ফারাবীকে খালাস দিয়েছেন আদালত।
এ ছাড়া, কারাবন্দী অবস্থায় মান্নান নামে আরেক আসামির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাশ। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি 'যুক্তি' নামে বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন।
ঘটনার রাতেই সিলেটের বিমানবন্দর থানায় অজ্ঞাত হামলাকারীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন অনন্ত বিজয় দাশের ভাই রত্নেশ্বর দাশ।