ভাঙ্গায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আইনজীবী গ্রেপ্তার
ফরিদপুরের ভাঙ্গায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় এক আইনজীবী গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ভাঙ্গা উপজেলার কোর্ট পাড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আইনজীবীর শাহ্ নেওয়াজ হাসান (৩৬) ভাঙ্গা চৌকি কোর্টের আইনজীবী। তিনি ভাঙ্গা পৌর কৃষক লীগের সাবেক সদস্য ছিলেন।
শাহ্ নেওয়াজ হাসান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। অন্যদিকে মামলার বাদী মেহেদী পারভেজ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের সমর্থক হিসেবে পরিচিত।
মামলার এজাহারে বলা হয়, সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা ও এমপি নিক্সনকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ভিডিও শাহ্ নেওয়াজ তার ফেসুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছিলেন।
মামলায় ওই আইনজীবীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন খান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা কোর্ট পাড় এলাকা থেকে আইনজীবী শাহ্ নেওয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।
ভাঙ্গা থানার ভারপ্রর্প্ত কর্মকতা (ওসি) সেলিম রেজা বলেন, আইনজীবী শাহ্ নেওয়াজের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (আক্রমণাত্মক মিথ্যা ভয়ভীতি প্রদর্শক তথ্য উপাত্ত প্রেরণ ও প্রকাশ), ২৯ (মানহানিকর তথ্য প্রকাশ প্রচার), ৩১ (আইনশৃঙ্খলার অপরাধ ঘটানো) ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল।