ভাসানচর থেকে পালাতে গিয়ে ৮ রোহিঙ্গা আটক
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালাতে গিয়ে ৮ রোহিঙ্গা স্থানীয়দের হাতে আটক হয়েছেন। পরে তাদের সুবর্ণচর উপজেলার চরজব্বার থানায় সোপর্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়ন থেকে এই রোহিঙ্গাদের আটক করা হয়। তাদের মধ্যে ১ শিশু, ২ পুরুষ ও ৫ নারী রয়েছেন।
তারা হলেন, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮৬ নম্বর ক্লাস্টারের আবদুল হামিদের ছেলে আনোয়ার (১৮), একই ক্লাস্টারের মৃত ইয়াছিনের ছেলে মো. হাসান (১৬), মো. ইয়াছিনের মেয়ে সামসুদা বেগম (১৭), হাফেজ আহমদের স্ত্রী হাফিজা (১৭), মো. ওসমানের স্ত্রী দিল কায়েস (১৬), ১১ নম্বর ক্লাস্টারের আবদুস ছালামের স্ত্রী রিজিয়া বেগম (২৪), একই ক্লাস্টারের আবদুস সালামের ছেলে মো. রফিক (৭) এবং ৬৭ নম্বর ক্লাস্টারের আবদুর শুক্কুরের স্ত্রী রাজিদা (১৮)।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বলেন, 'ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় ৮ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয়রা। বিষয়টি ভাসানচরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে (আর আর আর সি) জানানো হয়েছে। তার সিদ্ধান্ত জানার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক রোহিঙ্গারা বর্তমানে চরজব্বার থানা পুলিশ হেফাজতে রয়েছেন।'