ভাড়া নিয়ে দ্বন্দ্বে মিরপুরে লেগুনাচালকের হামলায় যাত্রী আহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশন এলাকায় লেগুনাচালকের (হিউম্যান হলার) হামলায় নাসির উদ্দিন (৪২) নামে এক যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নাসির উদ্দিনের বাড়ি মিরপুর-২ নম্বর সেকশন এলাকায়। তিনি পেশায় ব্যবসায়ী। বিভিন্ন পোশাক কারখানায় তিনি একসেসরিজ সরবরাহ করেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, অন্যান্য দিনের মতো আমি মিরপুর ১৩ নম্বর থেকে লেগুনায় উঠেছিলাম ২ নম্বর সেকশনে নামবো বলে। ১০ টাকা দেওয়ার পরে হেলপার আরও ৫ টাকা দাবি করে। এ নিয়ে যাত্রীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে চালক এবং তার সহকারী গাড়ি পরিষ্কার করা ব্রাশ দিয়ে আমাদের ওপর হামলা চালায়।

আরেক যাত্রী মো. আলমগীর হোসেন বলেন, অতিরিক্ত ভাড়া দাবি করায় সব যাত্রীদের সঙ্গে তাদের তর্ক হয়। এক পর্যায়ে চালক এবং যাত্রী আমাদের ওপর হামলা চালায়।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ডেইলি স্টারকে বলেন, যাত্রী এবং স্থানীয় বাসিন্দারা ফার্স্ট টেন কোম্পানির ওই হিউম্যান হলারের চালকের সহকারী ইমনকে আটক করে থানায় নিয়ে আসেন। তাকে আমরা আটক করেছি। গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক রাকিব পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, হামলায় যাত্রী নাসির উদ্দিন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।