ভিকটিমকে সাক্ষী, সঠিক ধারায় মামলা লিপিবদ্ধ করতে পুলিশকে নির্দেশনা
মানবদেহে আঘাত সংক্রান্ত অপরাধে মূল ভিকটিমকে সাক্ষী করা, সঠিক ধারায় মামলা লিপিবদ্ধ করা এবং বিভিন্ন পরোয়ানা জারির ক্ষেত্রে আরও তৎপর হতে বন্দর নগরী চট্টগ্রামের ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম।
শনিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে তিনি এই নির্দেশনা দেন।
এছাড়া জালিয়াতির মামলাগুলোতে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪৬৩ এবং ৪৬৪ ধারার উপাদান আছে কিনা তাও সঠিকভাবে খতিয়ে দেখার কথা বলেছেন তিনি।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলম দ্রত ও দক্ষতার সাথে আইনের নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন এবং প্রতিবেদন দাখিল, যথাসময়ে মামলার সাক্ষী উপস্থাপন নিশ্চিত করা এবং তাদের নিরাপত্তা বিধান করার জন্য সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ করেন।
কনফারেন্সে উপস্থিত ম্যাজিস্ট্রেটরা মামলার সাথে জব্দতালিকা পাঠানো, খসড়া মানচিত্রে ঘটনাস্থল সুনির্দিষ্টকরণ, সাক্ষীর ১৬১ ধারার জবানবন্দি লিপিবদ্ধের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, সাক্ষীর ওয়ারেন্টের প্রতিবেদনের উপর জোর দেন।
কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) তাহমিনা আফরোজ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মনীষা মহাজন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান।
সভায় সিআইডি, র্যাব, পিবিআই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরেনসিক বিভাগের ডাক্তার, চট্টগ্রাম কারাগার, আইনজীবি সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।