মসজিদ কমিটিতে আধিপত্যকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১
রাজশাহীর চারঘাট উপজেলার একটি মসজিদ কমিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় খোকন আলী (২৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন। তাদের চারঘাট, পুঠিয়া ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক গ্রামে এই ঘটনা ঘটে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এই ঘটনায় ২ পক্ষের ১৫ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অনেকদিন ধরেই জোতকার্ত্তিক গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান সভাপতি কামরুজ্জামান ওরফে মুকুল হোসেনের অনুসারীদের সঙ্গে সাবেক সভাপতি আসাদুল ইসলাম সেলিমের অনুসারীদের বিরোধ চলে আসছিল।
এর জের ধরে গতকাল সেলিমের অনুসারীরা মসজিদে ইফতার করতে গেলে মুকুলের অনুসারীরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে ২ পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।