মাদক মামলায় আশীষ চৌধুরীর জামিন আবেদন নাকচ
মাদক মামলায় গ্রেপ্তার ও অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি আশীষ রায় চৌধুরীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
মামলায় জামিন চেয়ে তার আইনজীবী আবেদন করলে মহানগর হাকিম শান্তা আক্তার এ আদেশ দেন।
আশীষ চৌধুরীকে গত ৫ এপ্রিল গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব তার বাসা থেকে ১৭ বোতল বিদেশি মদ জব্দ করে।
পরে তার বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
গত বৃহস্পতিবার আশীষ চৌধুরীকে ঢাকার আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।
১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ঢাকার বনানী এলাকার আবেদিন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সোহেল চৌধুরী।
সোহেল চৌধুরী হত্যা মামলায় আশীষ চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়নি। হত্যা মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ এপ্রিল বলে জানিয়েছে পুলিশ সূত্র।