মাদক মামলায় কারাগারে আশীষ রায়

স্টার অনলাইন রিপোর্ট

মাদক মামলায় গ্রেপ্তার ও অভিনেতা সোহেল চৌধুরী হত্যায় অভিযুক্ত  আসামি আশীষ রায় চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার গুলশান থানার উপ-পরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তা শামীম হোসেন তাকে আদালতে হাজির করলে মহানগর ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুর এই আদেশ দেন।

ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের জামিন আবেদনের শুনানির জন্য ১০ এপ্রিল দিন ধার্য করেছেন।

মঙ্গলবার আশীষকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তার বাসা থেকে ১৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

পরে তার বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।

এর আগে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেন সোহেল চৌধুরী হত্যা মামলায় আশীষসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ঢাকার বনানী এলাকার আবেদিন টাওয়ারে ট্রাম্পস ক্লাবে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সোহেল চৌধুরী।