মাদারীপুরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

মাদারীপুরের কালকিনি উপজেলায় মানিক সরদার নামে এক কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজার ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মানিক সরদার (৩৫) কালকিনি উপজেলা কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক। তিনি আলীনগর ইউনিয়নের কালিনগর এলাকার আলমগীর সরদারের ছেলে। পেশায় কাপড় ব্যবসায়ী মানিক ফাসিয়াতলা বাজারে ব্যবসা পরিচালনা করতেন। তিনি কালকিনি থানা সংলগ্ন এলাকার একটি বাসায় পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন।

ওসি বলেন, 'মানিক সরদার গতরাতে ফাসিয়াতলা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। ফাসিয়াতলা বাজার ব্রিজের পশ্চিম পাশে আসলে আগে থেকে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে। মানিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।'

'নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। আজ মঙ্গলবার তারা থানায় আসবেন বলে জানিয়েছেন। তারা থানায় আসলে এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হবে', যোগ করেন ওসি।