মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২ ‘আল-বদর’ নেতা গ্রেপ্তার
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ২ 'আল-বদর' নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের বেড়াডাকুড়ি গ্রামের মনিরুজ্জামান কোহিনূর ও চাতুটিয়া গ্রামের আলমগীর হোসেন তালুকদার।
গতকাল বৃহস্পতিবার রাতে কোহিনূরকে ঢাকা থেকে ও আলমগীর হোসেনকে গোপালপুর থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপ-পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান। তিনি জানান, পুলিশ গ্রেপ্তারকৃতদের ট্রাইবুনালের কাছে হস্তান্তর করেছে।
মতিউর রহমান বলেন, 'গ্রেপ্তারকৃতরা স্থানীয় আল বদর নেতা ছিলেন। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যায় জড়িত থাকার অভিযোগ আছে'।
এই ২ ব্যক্তির গ্রেপ্তারের খবর জানাজানি হলে রাতেই পৌর শহরে মিছিল ও সমাবেশ করে গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।