মানিকগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আহত ১

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামে গণপিটুনিতে ২ ডাকাত নিহত এবং একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার দ্য ডেইলি স্টারকে জানান, বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার হাটিপাড়ার বনপারিল এলাকায় সাবেক মেম্বার ইউসুফ আলীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতির বিষয়ে মসজিদের মাইকের মাধ্যমে স্থানীয়দের সর্তক করা হয়। পরে, ৩ ডাকাত স্থানীয়দের হাতে ধরা পড়েন এবং তাদেরকে গণপিটুনি দেওয়া হয়। এতে ২ জন নিহত এবং অন্যজন আহত হন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। আহত ব্যক্তি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।