মানিকগঞ্জে ঘর থেকে মায়ের মরদেহ উদ্ধার, ছেলে আটক
মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়ায় ঘর থেকে আমেনা বেগম (৭০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ফিরোজ মিয়াকে (৩০) আটক করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত রাতে মা ও ছেলে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে বারোটার দিকে ঘর থেকে ধোয়া উঠতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে আমেনা বেগমকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। ফিরোজ মিয়াকে বসে থাকতে দেখা যায়। ওই সময় ঘরে প্লাস্টিকের চেয়ারে আগুন জ্বলছিল।
তিনি আরও জানান, ফিরোজ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।