মুন্সিগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাউন্সিলরের ছেলে নিহত

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সম্রাট ঝলক (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

তিনি মিরকাদিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. লিটন হোসেনের ছেলে এবং সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র।

আজ বুধবার দুপুর ১২টার দিকে মিরকাদিমের কাঠপট্টি লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমর চন্দ্র দাস জানান, কাউন্সিলর লিটন ও স্থানীয় প্রভাবশালী মো. জিল্লুর রহমানের মধ্যে ঘাটের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। দুপুরে এ নিয়ে ২ পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে জিল্লুর রহমানের লোকজন ঝলককে ছুরিকাঘাত করে। তাকে দ্রুত উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঝলকের বাবা মো. লিটন হোসেন বলেন, 'জিল্লুর রহমানের সমর্থকরা আমার ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ছেলেকে পুলিশে চাকরি করতে দেখার স্বপ্ন ছিল। সব শেষ হয়ে গেল।'

অভিযোগের বিষয়ে জানতে জিল্লুর রহমানকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ওসি অমর চন্দ্র দাস জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় নিয়ে এসেছে।