মেঘনায় অবৈধ বাঁশের ঘের অপসারণে গিয়ে হামলার শিকার পুলিশ 

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকারের জন্য দেওয়া বাঁশের ঘের অপসারণে গিয়ে হামলার শিকার হয়েছে নৌ পুলিশ। 

আজ বুধবার দুপুরে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলামের নেতৃত্বে সদরের নদীর তীরবর্তী এলাকা থেকে ঘের উচ্ছেদের সময় তাদের ওপর হামলা চালানো হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানে প্রায় অর্ধশতাধিক ঘের উচ্ছেদ করা হয়। এরপর চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নের শতাধিক জেলে নৌ পুলিশের ওপর হামলা চালায়। 

হামলায় ঘের উচ্ছেদের কাজে নিয়োজিত ২ শ্রমিক আহত হয়েছেন। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

ওসি মুজাহিদুল ইসলাম এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, 'চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীতে শত শত অবৈধ জাগ (ঘের) গড়ে তুলেছে জেলেরা। এতে করে মাছ চলাচলে প্রতিবন্ধকতা এবং মাছের অবাধ বিচরণ হুমকির মুখে পড়ছে। এ ছাড়া যেখানে সেখানে ঘের দেওয়ায় নৌযান চলাচল হুমকিতে পড়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা উচ্ছেদ অভিযানে গেলে বেপরোয়া জেলেরা আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল ও লাঠি-সোটা ছুড়ে মারে। এতে আমাদের কাজে নিয়োজিত দুই শ্রমিক আহত হয়েছেন।'

তিনি আরও জানান, পর্যায়ক্রমে নদী থেকে সব ধরনের বাঁশের ঘের উচ্ছেদ করা হবে।