মৌলভীবাজারে যুবককে কুপিয়ে হত্যা, অভিযোগ পরিবারের

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখায় ২৮ বছর বয়সী যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউপির কেছরিগুল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রুবেল আহমদ বড়লেখা সদর থানার বাসিন্দা এবং পেশায় একজন  রাজমিস্ত্রি ছিলেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাবুল মেম্বার ও তার ভাই-ভাতিজা মিলে একজনকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে থানায় আনা হয়েছে।'

নিহত রুবেলের চাচাতো ভাই এমরান আহমদ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার দুপুরে প্রতিবেশী জামাল আহমদের সঙ্গে বড়লেখা সদর ইউনিয়নের সদস্য সাবুল আহমদ ও তার ভাই নবাব আহমদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় এলাকার লোকজন বিষয়টি সমাধান করে দেন। পরে বিকেলে জামাল আহমদের ছেলে ও ভাতিজাদের সঙ্গে সাবুল আহমদের ভাই নবাব আহমদের ছেলে ও ভাতিজাদের ঝগড়া হয়।'

তিনি আরও বলেন, 'ঘটনার সময় আমার চাচাতো ভাই রুবেল আহমদ বাড়িতে যাচ্ছিলেন। এসময় তাকে (রুবেলকে) জামাল আহমদের পক্ষের লোকজন ভেবে আটকে রেখে মারধর শুরু করেন সাবুল আহমদ ও তার ভাই নবাব আহমদ। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। রুবেলকে বাঁচাতে গিয়ে তার ভাই সুমন আহমদও আহত হন। পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য সাবুল আহমদ ও তার ভাই নবাব আহমদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগর চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।