যশোরে দেড় টন জেলি দেওয়া চিংড়ি জব্দ

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

ইনজেকশন দিয়ে জেলি পুশ করা দেড় টন চিংড়ি আটক ও ধ্বংস করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৬-এর সদস্যরা। এ ছাড়া চিংড়িগুলোর ২ মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
আজ শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বেনাপোল-যশোর হাইওয়ে সড়কের চাঁচড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
 
যশোর র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম নাজিউর রহমান এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে জানান, ইনজেকশন দিয়ে জেলি পুশ করা এক ট্রাক চিংড়ি নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকায় যাওয়া হচ্ছে। এমন খবর পেয়ে বেনাপোল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে চিংড়ি বোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

অভিযানে থাকা জেলা মৎস্য কর্মকর্তা লিপ্টন সরদার চিংড়িগুলো পরীক্ষা করে জেলি থাকার বিষয়ে সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন। 

চিংড়ির মালিক সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের জালাল ও আব্দুল্লাকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব কমান্ডার নাজিউর রহমান বলেন, ট্রাকভর্তি ৫৭টি কর্কশিটের প্যাকেটে থাকা দেড় টন চিংড়ি ধ্বংস করা হয়েছে।