যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যায় ২ সহোদর গ্রেপ্তার
যশোরে যুবলীগ কর্মী ইয়াসিন আরাফাত (২৮) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছেন শহরের শংকরপুর এলাকার রানা ও রুবেল।
আজ বৃহস্পতিবার ভোরে খুলনার শিরোমনি এলাকার একটি ক্লিনিক থেকে রানা ও রুবেলকে গ্রেপ্তার করা হয়।
যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে শংকরপুরের চোপদারপাড়ার একটি ক্লাবঘরের ভেতর ইয়াসিনকে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে আজ সকালে ইয়াসিনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে ইয়াসিন হত্যার প্রতিবাদে আজ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবলীগ। বিক্ষোভকারীরা এ সময় ঘাতকদের ফাঁসি দাবি করেন।
ওসি রুপন কুমার সরকার জানান, গ্রেপ্তার ২ ভাইকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।