যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোর শহরে এক যুবলীগ কর্মীকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল বুধবার সাড়ে ৮টার দিকে বেজপাড়া চোপদারপাড়ার ব্রাদার্স ক্লাবের ভেতর এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ইয়াসিন আরাফাত (২৮) ওই এলাকার মাওলানা মনিরুজ্জামান মনিরের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চোপদারপাড়ার ব্রাদার্স ক্লাবের ভেতর ইয়াসিন ক্যারাম খেলছিলেন। পূর্ব শত্রুতার জেরে রাত সাড়ে ৮টার দিকে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী বাহাউদ্দিন বাহার ডেইলি স্টারকে জানান, যুবলীগ কর্মী ইয়াসিন ক্লাবের ভেতর ক্যারম খেলার সময় ১০-১২ জন সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সালাউদ্দিন বাবু তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন বলে জানান চিকিৎসক।

ওসি তাজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'হত্যাকাণ্ডের পরপরই পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে। ঘটনায় কারা জড়িত এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, এ নিয়ে খোঁজ-খবর চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুতই আটক করে আইনে সোপর্দ করা হবে।'