যশোরে সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ৫ সোনার নৌকা চুরি
যশোর-৫ আসনের (মনিরামপুর) সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত খান টিপু সুলতানের বাসভবন থেকে ৫টি সোনার তৈরি নৌকাসহ অনেক মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে।
পুলিশের ধারণা, বুধবার রাতে চুরির এই ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাপারটি জানাজানি হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টিপু সুলতানে বড় ছেলে ও যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হুমায়ুন সুলতান শাদাব।
শাদাব বলেন, 'আমার বাবা সংসদ সদস্য থাকাকালে সোনার নৌকাগুলো জনগণের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন। এ ছাড়া চোরেরা বাড়ির ৫টি দরজা ও ৪টি কাঠের আলমারিসহ অনেক আসবাব ভেঙে রেখে গেছে। এতে ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি।'
মনিরাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান জানান, ওই বাসভবনে কেউ নিয়মিত থাকেন না। সেই সুযোগে চোরেরা সোনার নৌকাসহ বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে গেছে।
তিনি বলেন, 'আমরা তদন্ত শুরু করেছি। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগে দায়ের করা হয়নি'।