যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় পার্ক মালিক গ্রেপ্তার
যশোরের মণিরামপুর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক পার্কের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তাহেরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহমান (৪৮) স্থানীয় আল আমিন পার্কের মালিক বলে জানায় পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আব্দুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা। মামলার পর রাতে পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহমানকে গ্রেপ্তার করে।
মামলায় বলা হয়, পার্কের পাশে বসবাস করায় ওই ছাত্রীর ওপর কুদৃষ্টি পড়ে আব্দুর রহমানের। সকালের দিকে বাবা-মা বাড়িতে না থাকায় তিনি ওই ছাত্রীকে পার্কের ভেতরে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
বাদী মামলায় উল্লেখ করেন, এ ঘটনার পর আব্দুর রহমান তার মেয়েকে নানাভাবে ভয়ভীতি দেখান। ঘটনাটি কাউকে বললে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
তাহেরপুর ওয়ার্ডের পৌর কাউন্সিলর আসাদুজ্জামান বলেন, 'ওই ছাত্রীকে নিয়ে তার পরিবার আমার কাছে এসে বিচার দাবি করে। আমি তাদেরকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।'
মামলার তদন্তকারী কর্মকর্তা মণিরামপুর থানার এসআই আশরাফুল আলম বলেন, 'ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর বৃহস্পতিবার রাতে অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ওই ছাত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আজ শুক্রবার যশোর জেনারেল হাসপাতালে তার মেডিকেল পরীক্ষা করানো হবে।'