যৌতুকের জন্য গৃহবধূ নির্যাতন, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার
নওগাঁর মান্দায় এক গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হবার পর রোববার তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-উপজেলার গনেশপুর দালালপাড়া গ্রামের সামির উদ্দিন মোল্লা (৬৫) ও তার স্ত্রী হাজেরা বিবি (৬১)।
তবে ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী জাহিদ হোসেন মোল্লা (৩২) পলাতক আছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'নির্যাতনের শিকার হওয়ার পর ওই গৃহবধূ থানায় অভিযোগ করতে আসেননি।'
'ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে পুলিশ ওই গৃহবধূর শ্বশুর-শাশুড়িকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে,' বলেন ওসি।
স্থানীয়রা জানান, ৭ মাস আগে ওই নারীর সঙ্গে জাহিদ হোসেন মোল্লার বিয়ে হয়। বিয়ের সময় ৫০ হাজার টাকা যৌতুক নেন জাহিদ হোসেন।
পরে তিনি আরও যৌতুক দাবি করেন এবং এ জন্য স্বামী জাহিদ স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন।
গত বুধবার দুপুরে ওই গৃহবধূকে মারধর করেন জাহিদ। মুঠোফোনে নির্যাতনের ভিডিও ধারণ করে কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়।
ভিডিওতে দেখা যায়, জাহিদ ওই নারীকে নির্যাতন করছেন। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে ফেলেন। প্রতিবেশিরা ওই গৃহবধূকে ছাড়ানোর চেষ্টা করলে জাহিদ তাদের ওপরও হামলার চেষ্টা করেন।