রাজধানীতে মার্কিন নাগরিক হত্যা: পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের
রাজধানীতে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সাফায়েত মাহবুব ফারাইজিকে হত্যার ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ফারাইজির মা শামিমুন নাহার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী সারোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
সারোয়ার হোসেন বলেন, 'আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পিবিআইকে মামলাটি তদন্ত করে আগামী ৯ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।'
তিনি আরও জানান, মামলায় বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তয়াছের জাহানসহ ৮ জনকে আসামি করা হয়। অন্যান্য আসামিরা হলেন, ভাটারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মশিউর, ভিকটিমের বান্ধবী সুজানা তাবাসসুম সালাম, আফতাব, শাখাওয়াত, আসওয়াদ, বাড়ির মালিক কামরুল হক ও কেয়ারটেকার রিপন।