রাজশাহীতে চুরির অভিযোগে কিশোরকে মারধর, আটক ৩

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলায় চুরির অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে মারধরের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

ওই ৩ গ্রামবাসী হলেন পুঠিয়া উপজেলার গোটিয়া গ্রামের আব্দুল বারিক, বিদ্যুৎ কুমার ও জিতেন ধর ।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টোনাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে দোয়েলকে (১৭) চোর সন্দেহে মারধরের অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, 'গত বৃহস্পতিবার গোটিয়া গ্রামের পরেশ সর্দার নামে এক বাসিন্দা বাড়ি ফিরে দরজার তালা খোলা পায়। সেসময় ভেতরে দোয়েল ছিল। দোয়েলকে তিনি ধরে ফেলেন। এরপর তিনি "চোর চোর" বলে চেঁচিয়ে উঠলে স্থানীয়রা দোয়েলকে ধরে হাত বেঁধে লাঠি দিয়ে মারধর করে।'

মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি পুলিশের নজরে আসে।

তিনি জানান, দোয়েলের বাবা সাইদুর রহমান পুলিশে অভিযোগ জানালে ভিডিওটি যাচাই-বাছাই করে শনিবার সকালে ৩ গ্রামবাসীকে আটক করা হয়।

ওই ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।