রাজশাহীতে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
রাজশাহীর পুঠিয়ায় উপজেলায় ভ্যানের যাত্রীদের ছিনতাইকালে শারীরিক প্রতিবন্ধী দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।
গতকাল বুধবার রাতে সংঘটিত এ ঘটনায় আজ মামলা করেছেন ওই শিক্ষার্থী।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর ওই শিক্ষার্থী আজ মামলা করেন।
ওই শিক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী বলে জানান ওসি।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২ বন্ধুসহ সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে। ২টি মোটরসাইকেলযোগে ৪ জনের একটি দল তাদের পথ আটকে ভ্যানচালক ও তার ২ বন্ধুকে মারধর করে এবং ছিনতাই করে। এরপর তাদের মধ্যে একজন তাকে ধর্ষণ করে।
স্থানীয়রা তাকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে পুলিশ ধর্ষণসহ ২ ছিনতাইকারীকে শনাক্ত করেছে।
ওসি জানান, ধর্ষক ও তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।