রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজশাহীতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নিজামুল ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর রাজারহাতা এলাকায় এই ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নিজামুলের পরিবারের সদস্যরা জানান, রোববার বিকেলে নিজামুল ইসলামের ছোট ছেলে বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায়। এ সময় আরেক শিশুর বাবার সঙ্গে তার ঝগড়া হয়।
এ সময় বেধড়ক পেটানোর ফলে নিজামুল গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মাজহারুল ইসলাম জানান, খেলাধুলাকে কেন্দ্র করে ২ শিশুর মধ্যে ঝগড়া হয়। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে ঝগড়া শুরু হলে এক পর্যায়ে নিজামুলকে পেটানোর ঘটনা ঘটে।
নিহতের পরিবার অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিজামুল বাংলাদেশ বেতার শিল্পী সংস্থা রাজশাহী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।