রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফফাত নায়েম নাফিকে ছুরিকাঘাতের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করে র্যাব বলেছে, তারা একটি উগ্রবাদী রাজনৈতিক দলের সক্রিয় কর্মী।
আটককৃতরা হলেন—মতিহার থানা এলাকার খোজাপুর গ্রামের মো. সালাউদ্দিন বাপ্পী (২৭) এবং একই গ্রামের মো. নবাব শরীফ (২৭)।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের জাহাজঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছেন বলে আজ শনিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছে র্যাব-৫।
র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, সালাউদ্দীন বাপ্পি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। নবাব শরীফ একটি কাপড়ের দোকানের কর্মচারী। তারা দুজনেই 'উগ্রবাদী' রাজনৈতিক দলে সক্রিয় কর্মী। দুজনের বিরুদ্ধেই সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে।
উল্লেখ্য, গত ৯ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর এলাকার এনআর ছাত্রাবাসে সাফফাত নায়েম নাফিকে ছুরিকাঘাত করে স্থানীয় সন্ত্রাসীরা।
এ ঘটনায় তার বন্ধু শরিফুল ইসলাম বাদী হয়ে মেস মালিক নাজমুল ইসলামসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে মতিহার থানায় হত্যাচেষ্টার মামলা করেন।