রাবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা, রাবি

দুর্বৃত্তদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থী সাফফাত নায়েম নাফি আহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—এনআর ছাত্রাবাসের মালিক মো. নাজমুল, শিরোইল এলাকার লাবন হাসান দীপ এবং পাবনা সদর এলাকার শরিফুল ইসলাম। শরীফুল ও দীপ এনআর ছাত্রাবাসের ভাড়াটিয়া এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আহত শিক্ষার্থীর বন্ধু শরিফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন বলে জানান, মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন।

তিনি বলেন, এই মামলার সূত্র ধরে বৃহস্পতিবার রাতে মেসে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে বিনোদপুরের এনআর ছাত্রাবাসে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন সাফফাত নায়েম নাফি। পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফির বাড়ি টাঙ্গাইলে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বলেন, আমরা অতি দ্রুত দোষীকে আইনের আওতায় আনতে ব্যবস্থা গ্রহণ করছি। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে আশেপাশের সকল মেস মালিকের সঙ্গে আলোচনায় বসার ব্যবস্থা নেওয়া হবে।

আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে বলেও তিনি জানিয়েছেন।