রুহুল আমিন হাওলাদারকে দুর্নীতি মামলায় আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

স্টার অনলাইন রিপোর্ট

দুর্নীতির মামলায় জাতীয় পার্টির নেতা এবিএম রুহুল আমিন হাওলাদারকে ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় তহবিলের ৪০ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ১৯৮৯ সালে তৎকালীন দুর্নীতি ব্যুরো মামলা করে রমনা থানায়।

ওই মামলায় রুহুল আমিন হাওলাদার আত্মসমর্পণ করলে তাকে জামিন দিতে আজ সোমবার সংশ্লিষ্ট নিম্ন আদালতকে নির্দেশ দেন হাইকোর্ট।

এ মামলায় রুহুল আমিন হাওলাদারকে খালাস দিয়ে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ট্রায়াল কোর্ট থেকে মামলার রেকর্ডও তলব করেছেন হাইকোর্ট।

গত বছরের ৬ ডিসেম্বর ওই মামলায় হাওলাদার খালাস পান নিম্ন আদালতের রায়ে। এই রায়কে চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, পরবর্তীতে ফেরত দিলেও রুহুল আমিন হাওলাদার জনগণের টাকা আত্মসাৎ করে বিশ্বাসভঙ্গ করেছেন।