রোববার থেকে উচ্চ আদালতের বিচারকাজ সশরীরে

স্টার অনলাইন রিপোর্ট

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ আগামী রোববার থেকে সশরীরে পরিচালিত হবে।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এতে বলা হয়, দুই বিভাগই আগামী রোববার থেকে বিচারক, আইনজীবী এবং সংশ্লিষ্ট অন্যান্যদের উপস্থিতিতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে বিচারিক কার্যক্রম পুনরায় শুরু করবে।

আপিল ও হাইকোর্ট উভয় বিভাগ করোনা মহামারির কারণে গত ১৫ জানুয়ারি থেকে শারীরিক উপস্থিতি বন্ধ করে এবং ভার্চুয়াল কার্যক্রম শুরু করে।