রোহিঙ্গা ক্যাম্পে হেডমাঝি হত্যা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা হেডমাঝি মো. আজিম উদ্দিনকে (৩৫) হত্যার ঘটনায় ৩৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
নিহত আজিম উদ্দীনের স্ত্রী সমসিদা (৩২) বাদী হয়ে উখিয়া থানায় গতকাল শুক্রবার রাতে মামলাটি করেন।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দীন বলেন, 'মামলার এজাহারে ১৫ আসামির নাম রয়েছে। এ ছাড়া, অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০ জনকে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।'
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের আওতাধীন এ/৯ সাব-ব্লকের মাঝিরা স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন করছিলেন। রাত ৯টার দিকে ১০ নম্বর ক্যাম্প থেকে ১০-১৫ জন রোহিঙ্গা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত তাদের ওপর হামলা চালায়।
এতে হামলায় গুরুতর আহত হন সৈয়দ আলম (৪০), রহিম উল্লাহ (৩৬) ও আজিম উদ্দিন (৩৫)। হামলার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আজিম উদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানা পুলিশের তত্ত্বাবধানে গতকাল সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।