রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩ ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাদের গ্রেপ্তার করে।

আজ  শুক্রবার ১৬ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-সালমান শাহ (২০), মোহাম্মদ শফি (১৯) ও মোহাম্মদ কাসিম (২০)।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের এফ/৬ ডি-ব্লকে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।'

গ্রেপ্তার ৩ ডাকাতের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।